ফিলিপাইনে নির্মাণাধীন ৯ তলা ভবন ধসে নিখোঁজ ২১

২৪ মে, ২০২৬

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উত্তরে একটি শহরে নির্মাণাধীন নয়তলা ভবন ধসে পড়েছে। রোববার (২৪ মে) কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অন্তত ২১ জন নিখোঁজ।কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন। এদিকে ২৪ জন শ্রমিক পালিয়ে বাঁচতে সক্ষম হয়েছেন অথবা উদ্ধার করা হয়েছে।

পাম্পাঙ্গা প্রদেশের অ্যাঞ্জেলেস সিটিতে ভয়াবহ বজ্রঝড়ের পর ভবনটি ধসে পড়ে। পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল জেস মেন্ডেজ বলেন, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে শতাধিক পুলিশ ও সরকারি কর্মী কাজ করছেন।

মেন্ডেজ ও ঘটনাস্থলে থাকা অন্য কর্মকর্তারা জানান, তাৎক্ষণিকভাবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে যারা নিরাপদে বের হতে পেরেছেন, তাদের কয়েকজন আহত হয়েছেন।

অ্যাঞ্জেলেস সিটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের প্রধান ফ্রান্সিস পাঙ্গিলিনান বলেন, নিখোঁজ ২১ জনের বেশিরভাগই ওই ভবনের শ্রমিক বলে ধারণা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, ভবন ধসের ধ্বংসাবশেষ পাশের আবাসনে আঘাত হানলে একজন মালয়েশীয় পর্যটকসহ আরও দুইজন আহত হন।

দমকলকর্মী, পুলিশ ও দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরা হাতে এবং প্রশিক্ষিত কুকুরের সাহায্যে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন।

জনপথমন্ত্রী ভিনজোন ডিজন বলেন, কংক্রিটের স্ল্যাব, বাঁকানো লোহার রড ও অন্যান্য ধ্বংসাবশেষের নিচে এখনো জীবিত থাকার কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, জীবনের কিছু লক্ষণ পাওয়া যাচ্ছে... মানুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে।

ডিজন আরও বলেন, উদ্ধারকারীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছেন। এটি খুবই অস্থিতিশীল একটি স্থান এবং আমাদের অগ্রাধিকার হলো মানুষদের জীবিত উদ্ধার করা।

অ্যাঞ্জেলেস সিটিতে একসময় যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ বিমানঘাঁটি ছিল, যা ১৯৯০-এর দশকের শুরুতে বন্ধ হয়ে যায়। ওই ঘাঁটির কারণে অ্যাঞ্জেলেস ও আশপাশের শহরগুলো লুজন অঞ্চলের বিনোদন ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছিল।

সাবেক ওই বিমানঘাঁটি বর্তমানে ক্লার্ক ফ্রিপোর্ট জোন নামে পরিচিত, যা মেট্রো ম্যানিলা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত।