দিনাজপুরে ঝড়ে গাছচাপায় নারীর মৃত্যু

২৪ মে, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছচাপা পড়ে আরতী রানী নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়াও নবাবগঞ্জ উপজেলায় ক্ষতি হয়েছে। ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত, আম-লিচুর বাগান ও বহু বসতবাড়ি।

শনিবার দিবাগত রাতে বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের অর্জুনহার গ্রামে গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটে। নিহত আরতী রানী (৪৫) বীরগঞ্জ শতগ্রাম ইউনিয়নের অর্জুনহার গ্রামের শমারু বর্মনের স্ত্রী।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন জানান, শনিবার সন্ধ্যায় খাওয়া-দাওয়া শেষে স্বামী-স্ত্রীর ঘরে শুয়ে পড়েন। এসময় ঝড় ও তীব্র বাতাসে বাড়ির পাশের একটি বিশাল গাছ ভেঙে সরাসরি বসতঘরের ওপর আছড়ে পড়ে। ঘরের ভেতরে খাটের ওপর থাকা অবস্থায় গাছের বড় অংশ আরতী রানীর শরীরের ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনায় আহত হন স্বামী শমারু বর্মন। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন।
অপরদিকে, আকস্মিক শুরু হওয়া ঝড় ও দমকা হাওয়ায় নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ে। কয়েকটি সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এছাড়া অনেক টিনশেড ঘরের চাল উড়ে যাওয়ার ঘটনাও ঘটে।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠ পর্যায়ে কাজ চলছে। পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত ও সহায়তা কার্যক্রম পরিচালনায় প্রশাসনের পক্ষ থেকে কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।