চট্টগ্রামে চোর সন্দেহে মারধরে যুবকের মৃত্যু

২৪ মে, ২০২৬

 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি কারখানায় চোর সন্দেহে মারধরে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল চত্বর থেকে ওই কারখানার দায়িত্বরত ম্যানেজার (মানব সম্পদ) মো. মোশাররফসহ তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার ভোরে উপজেলার শাকপুরা মিলিটারি ব্রিজ এলাকার কারখানার টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে ওই যুবক। এসময় কারখানার লোকজন আটক করে তাকে খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে মারধর করে। এক পর্যায়ে সে নিস্তেজ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা বলেন, ‘দুপুর ১২টার দিকে অজ্ঞাতনামা এক যুবককে নিয়ে আসা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

এ প্রসঙ্গে বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান জানান, চোর সন্দেহে ওই যুবককে কারখানায় আটক করে মারধরের খবর পেয়ে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, ওই যুবকের বয়স আনুমানিক ৩২ বছর হবে। পুলিশ তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে তদন্তের স্বার্থে কারখানায় কর্মরত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।