২৫ মে, ২০২৬
পবিত্র ঈদুল আজহার ছুটিতে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম টানা আট দিন বন্ধ থাকবে।
রোববার (২৪ মে) ছুটি পূর্ববর্তী শেষ কর্মদিবসে ব্যাপক ব্যস্ততা ছিল এই বন্দরে। সোমবার থেকে বন্ধ থাকছে ত্রিদেশিয় বাণিজ্যিককেন্দ্র খ্যাত এই স্থলবন্দরটি।
বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জানা গেছে, ঈদুল আজহার ছুটির বিষয়ে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংরাবান্ধা স্থালবন্দরের ব্যবসায়ীদের সব সংগঠনের নেতাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সোমবার ২৫ মে থেকে সোমবার (১ জুন) পর্যন্ত বুড়িমারী স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে টানা আট দিন বন্ধ থাকবে এই বন্দর। আগামী ২ জুন যথারীতি বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়ত স্বাভাবিক থাকবে। উভয় দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মাঝে ছুটির পত্র বিনিময় করা হয়েছে।
বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের শুল্ক স্টেশন ও সিএনএফ কার্যক্রম সাপ্তাহিক ছুটিসহ আট দিন বন্ধ থাকবে। আগামী ২ জুন থেকে বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারীদের যাতায়ত স্বাভাবিকভাবেই চলবে।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ ব্যবসায়ী কার্যক্রম আট দিনের জন্য বন্ধ রাখা হবে জানিয়ে চিঠি দিয়েছে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।