২৫ মে, ২০২৬
সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দময় একটি দিন উপহার দিতে ‘অ্যামেজিং ডে’ নামে অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের জনপ্রিয় নুডলস ব্র্যান্ড ’মিস্টার নুডলস’।
শুক্রবার রাজধানীর পল্লবীতে এ আয়োজনে তিন শতাধিক সুবিধাবঞ্চিত শিশু অংশ নেয়।
দিনের শুরুতেই শিশুদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সবার জন্য ছিল মিস্টার নুডলসের রঙিন টি-শার্ট। পুষ্টিকর নাশতার মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনে শিশুদের জন্য ছিল নানা ধরনের আনন্দঘন কার্যক্রম, প্রতিভা বিকাশের বিভিন্ন গেইমস, খেলাধুলা, নাচ-গান, ছবি আঁকা এবং বিনোদনমূলক আয়োজন। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে একজন নিউট্রিশনিস্ট শিশুদের সুষম খাদ্য ও পুষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বাড়ির আঙিনা ও খোলা জায়গায় ফল, সবজি ও পুষ্টিকর গাছ লাগানোর পরামর্শ দেন। পরে শিশুদের অংশগ্রহণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। সেখানে একজন কৃষিবিদ গাছের প্রয়োজনীয়তা ও পরিবেশগত গুরুত্ব সম্পর্কে শিশুদের ধারণা দেন।
দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনে শিশুরা গান, নাচ, অভিনয়, কবিতা আবৃত্তি ও জাদু প্রদর্শনে অংশ নেয়। সেরা পারফরম্যান্সের জন্য তাদের পুরস্কৃত করা হয়। সন্ধ্যায় শিশুদের জন্য ছিল মিস্টার নুডলসের বিশেষ স্ন্যাকস। এছাড়া ‘উইশ বক্স’-এ শিশুরা বড় হয়ে কী হতে চায়, সেই স্বপ্নও লিখে জানায়।
এ বিষয়ে মিস্টার নুডলস-এর জেনারেল ম্যানেজার (বিপণন) তোষণ পাল বলেন, সুবিধাবঞ্চিত শিশুরা আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই পিছিয়ে থাকে। তাদের জন্য সুন্দর ও আনন্দময় একটি দিন উপহার দেওয়ার লক্ষ্য থেকেই আমাদের এই আয়োজন। আমরা চাই তারা যেন কিছুটা সময় হলেও আনন্দ উপভোগ করতে পারে। ভবিষ্যতেও এ ধরনের আরও উদ্যোগ নেওয়ার ইচ্ছা রয়েছে।
এ আয়োজনের সহযোগী হিসেবে ছিল কারিতাস বাংলাদেশ।