চিপস কিনতে যাওয়া শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ দোকানদারের বিরুদ্ধে

২৫ মে, ২০২৬

১২ বছরের এক শিশু দোকানে চিপস কিনতে গেলে তাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে দোকানদারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার দাউদকান্দি উপজেলায়।

এ ঘটনার অভিযুক্ত দোকানিকে গ্রেফতার করে সোমবার জেলহাজতে প্রেরণ করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গেল ১৮ মে দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের উত্তর বায়নগর গ্রামের এক শিশু ওই গ্রামের দেলোয়ার হোসেনের মুদি দোকানে চিপস কিনতে গেলে দোকানের ভেতরে নিয়ে দোকানের সাঁটার বন্ধ করে দিয়ে ধর্ষণের চেষ্টা করে।

শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। স্থানীয় লোকজন শিশুটিকে সেখান থেকে উদ্ধার করেন। এ ঘটনায় শিশুটিকে গেল ২৩ মে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।

এদিকে, পুলিশ রবিবার বিকেলে উপজেলার কালাসোনা বাজারের গরুর হাট থেকে অভিযুক্ত দেলোয়ার হোসেনকে (৪৩) গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

তিনি উত্তর বায়নগর গ্রামের মৃত আব্দুল খালেক ভূইয়ার ছেলে।

এ ঘটনায় শিশুটির বাবা দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে সোমবার দুপুরে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. আ. বারী বলেন, এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

শিশুটি এখন হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত আনোয়ার হোসেনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্ট আসলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।