ঈদে আসছে মুশফিক - কেয়া অভিনীত নাটক " ডুব "

২৫ মে, ২০২৬

ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে ভিন্নধর্মী গল্পের বিশেষ নাটক ‘ডুব’। প্রেম, ভুল বোঝাবুঝি আর গ্রামীণ সালিশের হাস্যরসাত্মক ঘটনাকে কেন্দ্র করে নির্মিত এই নাটকে জুটি বেঁধেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল।

নাটকের গল্পে দেখা যাবে, সাদ্দাম নামের এক তরুণ ঢাকায় ব্যবসা করে। বন্ধুর বিয়ের অনুষ্ঠানে গ্রামে এসে শেফালি নামের এক মেয়েকে ভালো লেগে যায় তার। কিন্তু শেফালির সঙ্গে একান্তে কথা বলার সুযোগ পাচ্ছিল না সাদ্দাম। একপর্যায়ে শেফালিকে দেখার আশায় সে যে পুকুরে গোসল করে, সেই পুকুরেই ডুব দেয়।

তবে পানির নিচ থেকে উঠে এসে সাদ্দাম দেখে সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতি। সেখানে তার সামনে হাজির হয় আলো নামের এক তরুণী। ঠিক তখনই মসজিদ থেকে ফেরা কয়েকজন গ্রামবাসী তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। শুরু হয় নানা জল্পনা-কল্পনা, বসে গ্রামীণ বিচার।

মজার বিষয় হলো, আলো বারবার দাবি করলেও যে সে সাদ্দামকে চেনে না, সাদ্দাম কিন্তু তা অস্বীকার করে না। কারণ, এরই মধ্যে শেফালির চেয়ে আলোকে বেশি পছন্দ হয়ে যায় তার। তাই সে চায়, অভিযোগ প্রমাণিত হোক এবং শেষ পর্যন্ত তাদের বিয়েই হয়ে যাক।

‘ডুব’ নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। গল্প ও চিত্রনাট্য লিখেছেন শাহজাহান সৌরভ ও নির্মাতা নিজে। নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাবিনা মিম ও নরেশ ভুঁইয়া।

প্রযোজক এসকে সাহেদ আলী জানিয়েছেন, আসন্ন ঈদ আয়োজনের অংশ হিসেবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।