২৬ জুন, ২০২১
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য মদন মিত্র ভবানীপুরের রাস্তায় রিকশা চালাচ্ছেন। মূল্যবৃদ্ধির প্রতিবাদে রিকশাচালককে সিটে বসিয়ে নিজেই রিকশা চালাচ্ছেন।
এ প্রসঙ্গে মদন মিত্র বলেন, একটা রাজনৈতিক দল রামের নামে তলোয়ার চালাচ্ছে, আর তৃণমূলের মদন মিত্র রিকশাওলাকে বসিয়ে রিকশা নিজে রিকশা চালাচ্ছে।
দেখা গেছে রিকশাচালককে দেয়া হয়েছে নতুন পাঞ্জাবি। তাকে সিটে বসিয়ে হাত পাখা দিয়ে বাতাস করা হচ্ছে। গরম থেকে বাঁচানোর জন্যই এই চেষ্টা। রিকশাচালকের পা গঙ্গার পানি দিয়ে ধুয়ে দেয়া হচ্ছে। কারণ গাড়িতে চড়তেই তাপ সইতে হয় তাকে।
মদন মিত্র বলেন, এই যে পেট্রোল-ডিজেলের দাম বাড়াচ্ছে কেন্দ্র। তাই এখন থেকে আমজনতার ভরসা হলো রিকশা। তাই আজ এই পদক্ষেপ নিলাম। গরিব শিশুদের মুখে খাবার তুলে দেয়া হচ্ছে। আমার এলাকায় গরিব শিশুদের খাওয়ানোর দায়িত্ব আমার। পাঁচ কেজি সব্জি আমি এক টাকায় দিচ্ছি। কেন্দ্র তো মূল্যবৃদ্ধি ঠেকাতে ব্যর্থ। তাই মানুষের পাশে থাকছে তৃণমূল।
প্রসঙ্গত, ভারতজুড়ে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। এদিন কলকাতায় পেট্রোলের দাম ৯৭ টাকা। সেঞ্চুরি হাঁকাতে আর বাকি তিন টাকা। জিজেলর দামও হয়েছে ৯১ টাকা। মূল্যবৃদ্ধির জেরে জেরবার সাধারণ মানুষ। আর এই পরিস্থিতিতে পথে নেমেছেন মদন মিত্র। কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠে অভিনব কায়দায় প্রতিবাদ জানালেন এই নেতা।
সূত্র : আজকাল