খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকে চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

২৬ মে, ২০২৬

দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ ব্যানারে। 

আজ (সোমবার) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনায় স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলে ব্যাংকটির ভাবমূর্তি ও সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।

কর্মসূচিতে ফোরামের নেতারা অভিযোগ করেন, ব্যাংক খাতে গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব থাকলে তার নেতিবাচক প্রভাব পড়ে প্রতিষ্ঠান ও গ্রাহক— উভয়ের ওপর। তারা বলেন, অতীতে ব্যাংক খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে বিতর্কিত নিয়োগ সেই সংকট আরও গভীর করতে পারে।

ফোরামের সভাপতি শাহিন আহমেদ খান বলেন, ইসলামী ব্যাংক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার প্রতিষ্ঠান নয়। এটি কোটি গ্রাহকের আমানতের ব্যাংক। তাই চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক, অর্থনীতিবিদ, গ্রাহক প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। তারা ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি জানান। একই সঙ্গে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনে পেশাদার ও অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং চেয়ারম্যান নিয়োগ পুনর্বিবেচনার দাবি জানান। পরে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।