যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল

২৬ মে, ২০২৬

জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনানের ওপর হামলা ও প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, গোলাম রাব্বানী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মামুনুর রশীদ প্রধান, আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, রেজহাত হোসেন রনি, রাসেল তালুকদার, মহিদুল ইসলাম রাজিব, আতিকুর রহমান সোহাগ, এনায়েত মওলা সবুজ, যুবদল নেতা আকাশ এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছোহরাফ হোসেন ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, নতুনহাট পশুর হাটে অতিরিক্ত টোল আদায়, চাঁদাবাজি ও অনিয়মের প্রতিবাদ করায় যুবদল নেতা মোক্তাদুল হক আদনানের ওপর হামলা চালানো হয়েছে।

তারা আরও বলেন, 'দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী ও জামায়াত পরিবার থেকে উঠে আসা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল মতিনকে অবিলম্বে গ্রেফতার এবং দল থেকে চিরতরে বহিষ্কার করতে হবে।'

সমাবেশ থেকে বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে হামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এদিকে সমাবেশে নতুনহাট পশুর হাটে দীর্ঘদিন ধরে অতিরিক্ত টাকা আদায় ও রসিদ জালিয়াতির অভিযোগও তোলা হয়।