বেতন দেবেন বলে শ্রমিকদের বসিয়ে রেখে চেয়ারেই মারা গেলেন কারখানা মালিক

২৭ মে, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঈদের আগের রাতে শ্রমিকদের বেতন দেওয়ার কথা বলে অফিসকক্ষে বসা অবস্থায় মৃত্যু হয়েছে এক হোসিয়ারি কারখানার মালিকের।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লার রিয়া গোপ স্টেডিয়ামের কাছে সায়েম আল আরাফাতের বাড়ির নিচতলায় অবস্থিত হিমা হোসিয়ারি অ্যান্ড গার্মেন্টসে এই ঘটনা ঘটে। নিহত হারুন (৪২) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি রাব্বানী নগর এলাকার মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে।

শ্রমিকরা জানান, সোমবার কারখানার মালিক হারুন ঈদের জন্য গরু কিনে এসে জানান মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বেতন দিয়ে ঈদের ছুটি দেবেন। সেই অনুযায়ী সারাদিন কাজ করে সন্ধ্যায় কারখানায় অপেক্ষা করছিলেন ২০ জন শ্রমিক। নির্ধারিত সময়ে হারুন এসে সবাইকে অপেক্ষা করতে বলে অফিসকক্ষে ঢোকেন। 

কিন্তু দীর্ঘ সময় পরেও বেতন না পেয়ে শ্রমিকরা দরজায় ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে মালিকের স্ত্রীর নির্দেশে দরজার লক ভেঙে ভেতরে ঢুকে দেখেন হারুন চেয়ারে নিথর হয়ে বসে আছেন। পরে পরিবার এসে মৃত্যু নিশ্চিত করে মরদেহ বাড়িতে নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, মৃত্যুর কারণ জানতে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে তদন্ত করছে। বিস্তারিত পরে জানানো হবে।