২৭ মে, ২০২৬
নারী শিল্পী, শিল্পসংগ্রাহক, সমাজসেবী এবং কূটনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ঢাকা আমেরিকান উইমেন’স ক্লাবের ‘উইমেন ইন আর্ট’ ফান্ডরেইজার অনুষ্ঠান।
মঙ্গলবার গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেস হলে আয়োজিত এ অনুষ্ঠানে সাইলেন্ট অকশন, প্যানেল আলোচনা ও নৈশভোজের আয়োজন করা হয়। বাংলাদেশের অন্যতম ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়ার উপস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে নারী ও শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহ করা হয়।
চতুর্থবারের মতো আয়োজিত ‘উইমেন ইন আর্ট’ বর্তমানে ডিএডব্লিউসির অন্যতম স্বাক্ষরধর্মী উদ্যোগ হিসেবে পরিচিত। আয়োজকেরা জানান, শিল্প ও মানবকল্যাণকে একত্র করে এই আয়োজন নারী শিল্পীদের কাজ বৃহত্তর পরিসরে তুলে ধরার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সহায়তা করছে।
এবারের আয়োজনে দেশের ৩৫ জন প্রতিষ্ঠিত ও উদীয়মান নারী শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হয়। তাদের মধ্যে ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী কনক চাঁপা চাকমা ও রোকেয়া সুলতানা। আর্টেফ্যাকটামের গ্যালারিস্ট রুমানা হাবিবের কিউরেশনে সাজানো প্রদর্শনীতে বাংলাদেশের সমকালীন শিল্পচর্চায় নারী শিল্পীদের বৈচিত্র্য ও সৃজনশীলতা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে “বিয়ন্ড দ্য ক্যানভাস: উইমেন শেপিং আর্ট অ্যান্ড কালচার” শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বৃহত্ত আর্ট ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা নুসরাত মাহমুদ এবং সমকালীন শিল্পী তাইয়েবা বেগম লিপি। আলোচনায় শিল্পচর্চায় নারীদের ভূমিকা, সাংস্কৃতিক নেতৃত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিল্পীদের অবস্থান নিয়ে কথা বলা হয়।