ইসরায়েলে গাড়ি বিস্ফোরণে নিহত ১

২৭ মে, ২০২৬

ইসরায়েলের হাইফায় একটি গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির উত্তরাঞ্চলের আফুলায় গাড়ি বিস্ফোরণের এ ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

 টাইমস অব ইসরায়েলের খবরে এ তথ্য জানা যায়।

সংবাদমাধ্যমটি আরো জানায়, ইসরায়েলজুড়ে ব্যাপক সহিংস অপরাধ লক্ষ্য করা যাচ্ছে। এই ঘটনা এরই ধরাবাহিকতার একটি অংশ।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানায়, সকাল ৮টা ৪০ মিনিটে আফুলায় একটি গাড়ি বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে চিকিৎসক দল পাঠানো হয়।

সেখানে পৌঁছে তারা ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। তার শরীরে একাধিক গুরুতর আঘাত ছিল। উদ্ধারের পর হা-এমেক মেডিক্যাল সেন্টারে নেওয়ার পথে মৃত্যু হয় তার। একই সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

বিস্ফোরণের পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস। পুলিশের প্রাথমিক ধারণা, এই বিস্ফোরণের পেছনে অপরাধমূলক উদ্দেশ্য রয়েছে।

এ ছাড়া একই দিনে শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকে ৫০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটিকে সন্দেহজনক হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে তারা। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে শহরের তিন বাসিন্দাকে আটক করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে নিহত নারীর স্বামীও রয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলে যে ভয়াবহ অপরাধপ্রবণতা দেখা দিয়েছে, এই দুটি ঘটনাকে তারই সর্বশেষ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। এই সহিংসতার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দেশটির আরব সম্প্রদায়ের ওপর, যদিও ইহুদিরাও এর শিকার হচ্ছেন।

সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার জন্য জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এবং ইসরায়েলের পুলিশকে দায়ী করছেন সরকারবিরোধীরা। এ ছাড়া বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের বিরুদ্ধেও সমালোচনা রয়েছে।

অভিযোগ করা হচ্ছে, তিনি দীর্ঘদিন ধরে শূন্য পড়ে থাকা বহু বিচারিক পদে নিয়োগ না দেওয়ায় আইন প্রয়োগ ও বিচারিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।