২৭ মে, ২০২৬
গাজীপুরের শ্রীপুরের একটি রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ মে) দুপুরে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের বিন্দুবাড়ি এলাকার তেঁতুল ব্রিজের নিচে অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
তাদের ধারণা, মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যবর্তী কোন সময়ে ট্রেন থেকে পরে গিয়ে ওই যুবকের মৃত্যু হতে পারে
স্থানীয় বাসিন্দা মো. দেলোয়ার হোসেন জানান, বুধবার দুপুর ১টার দিকে তেঁতুল ব্রিজের পাশের খাল থেকে মাছ ধরে ফেরার পথে পায়ে কাঁটা বিঁধে তার।
পরে তিনি ব্রিজ গার্ডারের উপর পা উঠিয়ে কাঁটা খোলার সময় মরদেহ দেখতে পান, পরে স্থানীয় অন্যান্য বাসিন্দাদের সহায়তায় পুলিশে খবর দেন। নিহতের পরনে রয়েছে কালো প্যান্ট এবং গোলাপী রংয়ের ফুল হাতার শার্ট। তার ধারণা মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে কোন এক সময় ওই ব্যাক্তি চলন্ত ট্রেন থেকে পরে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীনুর আলম জানান, ওই ব্রিজের নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এছাড়াও রেলওয়ে পুলিশে খবর দেয়া হয়েছে। রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার সহ পরবর্তী আইনগত ব্যবস্থা নিবে।
জয়দেবপুর রেলওয়ে পু্লিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো: কাইয়ুম আলী জানান, ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।