রাজধানীতে ডিভাইডার ভেঙে এক বাসকে আরেক বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

২৭ মে, ২০২৬

রাজধানীর নর্দার নতুন বাজার এলাকায় দ্রুতগতির ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে পাশের লেনের আকাশ পরিবহন বাসে ধাক্কায় নিহত বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।

বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বাগেরহাটের লাইজু বেগম (৩৮), তার স্বামী কবির জমাদ্দার (৪৭), বাগেরহাটের খুশি বেগম (৩৫) ও পটুয়াখালী মির্জাগঞ্জের রবিউল ইসলাম (২২)।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) নেসার উদ্দিন বলেন, নর্দা নতুন বাজার এলাকায় পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস বেপরোয়া দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে অপর লেনের উত্তরা থেকে গুলিস্তানগামী সড়কে থাকা আকাশ পরিবহন বাসে ধাক্কা দেয়। এতে চারজন মারা যায়। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলেই একজন নারী যাত্রী নিহত হন।

পরে কুর্মিটোলা হাসপাতালে দু’জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যায়। মরদেহ চারটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।