নারায়ণগঞ্জে ২৪ পরিবারের মাঝে কোরবানির পশু উপহার দিলো এনসিপি

২৭ মে, ২০২৬

স্বজন হারানোর বেদনা কখনো মুছে যাওয়ার নয়, তবে ঈদের আনন্দ যখন দ্বারে কড়া নাড়ছে, তখন সেই শোকাতুর পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে নিহত ২৪ শহীদের পরিবারের মুখে হাসি ফোটাতে এবং তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে এক ভিন্নধর্মী মানবিক উদ্যোগ নিয়েছে দলটি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এসব পরিবারের মাঝে উপহার হিসেবে পৌঁছে দেওয়া হয়েছে কোরবানির পশু।

বুধবার (২৭ মে) দুপুর থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে এসব পশু হস্তান্তর করা হয়। এই কর্মসূচিতে অংশ নেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন।

তিনি ফতুল্লার ভূইগড় এবং রেললাইন এলাকায় গিয়ে ব্যক্তিগতভাবে শহীদ আদিল ও শহীদ রাব্বির পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের হাতে কোরবানির পশু তুলে দেন। এটিকে কেবলই একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন তিনি।

সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বললেন, 'গত বছরের মতো এবারও আমরা এই জেলার ২৪ জন শহীদের নামে পশু কোরবানির উদ্যোগ নিয়েছি। সেই কৃতজ্ঞতাবোধ থেকেই আমাদের কেনা পশুগুলো শহীদ পরিবারে পৌঁছে দেওয়া হয়েছে। এই শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।'

ঈদের আগমুহূর্তে এমন মানবিক উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। তারা জানান, প্রিয়জন হারানোর শূন্যতা পূরণ হওয়ার নয়, তবে এ ধরনের খোঁজখবর ও সম্মান প্রদর্শন তাদের মানসিকভাবে শক্তি জোগায়।

ব্যতিক্রমী এই কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার, মহানগরের আহ্বায়ক শওকত আলী, জেলা সদস্য সচিব জোবায়ের হোসেন (তামজিদ), জেলার সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহফুজ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।