২৮ মে, ২০২৬
রাজধানীর উত্তর বাড্ডায় একটি বাসের ধাক্কায় মোখলেছুর রহমান (৩৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন।
বুধবার (২৭ মে) সকালে উত্তর বাড্ডার এমজেড হাসপাতালের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্বজনরা।
নিহত মোখলেছুর রহমান নেত্রকোনার কলমাকান্দা থানার পুকুরিয়া গ্রামের আকবর আলীর ছেলে। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার নতুন বাজার কোকাকোলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্বজনরা জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মোখলেছুর রহমানকে উদ্ধার করে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল মর্গে নিহতের স্ত্রী নার্গিস আক্তার জানান, তার স্বামী অনেক ঋণ করে ব্যাটারিচালিত রিকশা কিনেছিলেন।
গত রাতে তিনি রিকশা নিয়ে বের হন, এরপর আর বাসায় ফেরেননি। পরে পুলিশ জানায়, উত্তর বাড্ডার এমজেড হাসপাতালের সামনে বাসের ধাক্কায় তিনি দুর্ঘটনার শিকার হন।
বাড্ডা থানার এসআই আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ফয়সালকে আটক করা হয়েছে।