বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হলো পবিত্র কাবা

২৮ মে, ২০২৬

লাখ লাখ হাজির ‘লাব্বাইক’ ধ্বনিতে যখন আরাফাতের ময়দান মুখরিত ছিল, ঠিক তখনই এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হল পবিত্র কাবা শরীফ। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ১৮ মিনিটে সূর্য পবিত্র কাবার ঠিক মাথার ওপরে অবস্থান করে, যা কিবলার দিক নির্ধারণে ব্যবহৃত একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এমন ঘটনা প্রতি ৩৩ বছরে মাত্র একবার ঘটে বলে দাবি জ্যোতির্বিজ্ঞানীদের।

জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালক প্রকৌশলী মাজেদ আবু জাহরা জানিয়েছেন, এই বিশেষ মুহূর্তে সূর্য পবিত্র কাবার সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছায়, যার কৌণিক পরিমাপ ছিল ৮৯.৯৪ ডিগ্রি। অর্থাৎ সূর্য পূর্ণ লম্বরেখা থেকে মাত্র ০.০৬ ডিগ্রি দূরে ছিল। এর ফলে এই বিশেষ সময়ে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে সূর্যের দিকে মুখ করে দাঁড়ালে খুব সহজেই সঠিক কিবলার দিক নির্ধারণ করা সম্ভব হয়।

তিনি আরও জানান, বছরের নির্দিষ্ট সময়ে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যে সূর্যের আপাত বার্ষিক গতির কারণে এই ঘটনাটি বছরে দুইবার ঘটে থাকে। তবে হজের আরাফাতের দিনে এমন ঘটনা ৩৩ বছর পর ঘটল। এর আগে ১৯৯৩ সালে এমন হয়েছিল।

প্রসঙ্গত, কম্পাস বা আধুনিক প্রযুক্তি আবিষ্কারের বহু আগে, প্রাচীনকালের মুসলমানরা এই দিনের সাহায্যেই কিবলার সঠিক দিক নির্ধারণ করতেন। পৃথিবীর যেখানেই সূর্য দেখা যেত, মানুষ সূর্যের দিকে মুখ করে নিজেদের কিবলা ঠিক করে নিতেন। বর্তমানে আধুনিক বিজ্ঞানের যুগেও বিশ্বজুড়ে অনেক পুরনো মসজিদ বা বাড়ির নামাজের ঘরের কিবলা সঠিক আছে কি না, তা পরীক্ষা করার জন্য ঐতিহাসিক কাল থেকেই এই দিনটিকে সবচেয়ে নির্ভরযোগ্য মনে করা হয়।

সূত্র: সৌদি গেজেট