২৮ মে, ২০২৬
বগুড়ার কাহালুতে চাকা পাংচার হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসকে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে বাসের সুপারভাইজার ও ট্রাকের হেল্পার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত চারজন। বুধবার (২৭ মে) রাত পৌনে তিনটার দিকে কাহালু থানার নারহট্ট ইউনিয়নের পাগলা পীর মাজার সংলগ্ন বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- নওগাঁর বদলগাছি উপজেলার কোমারপুর গ্রামের শ্রী জিতেন্দ্র নাথ মন্ডলের ছেলে ও ওই বাসের সুপারভাইজার উত্তম মন্ডল (৩০)।
অন্যজন বগুড়ার আদমদীঘি উপজেলার মালশুন গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে ও দুর্ঘটনাকবলিত ট্রাকটির হেল্পার মো. হৃদয় (৩০)।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস নওগাঁ যাওয়ার পথে বউবাজার নামক স্থানে চাকা পাংচার হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রাত অনুমান পৌনে তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ওই বাসের পিছনে ধাক্কা দেয়। এতে দুটি গাড়িই ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এসময় বাসের সুপারভাইজার ও ট্রাকের হেল্পারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়।
খবর পেয়ে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সোয়া ৪টার দিকে বাসের সুপারভাইজার উত্তম মন্ডল এবং সকাল সোয়া ৮টার দিকে ট্রাকের হেল্পার হৃদয় মারা যান। দুর্ঘটনায় আহত অন্য চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব জানান, দাঁড়িয়ে থাকা বাসটিকে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে দুইজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।