কালবৈশাখী ঝড়ে মেঘনা নদীতে ৫ নৌকাডুবি

২৮ মে, ২০২৬

ভোলার মেঘনা নদীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে মাছ ধরার সময় পাঁচটি নৌকা ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা জেলে নিখোঁজের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (২৭ মে) সকাল সোয়া ১১টার দিকে ভোলা সদর উপজেলার শিবপুর ও ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

ভোলা জেলা মৎস্য বিভাগের নদী পাহাড়াদার মো. জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে মোট পাঁচটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকজন জেলে স্থানীয়দের সহায়তায় সাঁতরে ও উদ্ধারকারীদের মাধ্যমে তীরে উঠতে সক্ষম হন। তবে ডুবে যাওয়া নৌকাগুলোর মধ্যে কয়েকটির এখনো হদিস মেলেনি।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকাল ১১টার দিকে জেলেরা নদীতে মাছ ধরছিলেন। হঠাৎ করেই শুরু হয় কালবৈশাখী ঝড়, সঙ্গে প্রবল বাতাস ও ঢেউ। এতে জামাল মাঝি, ফিরোজ মাঝি ও দুলাল মাঝির নেতৃত্বাধীন কয়েকটি নৌকা বিপর্যয়ের মুখে পড়ে ডুবে যায়। ঝড়ের মধ্যে জেলেরা ডাক-চিৎকার শুরু করলে আশপাশের নৌকার জেলেরা কিছুজনকে উদ্ধার করেন।

ইলিশা ফেরিঘাট সংলগ্ন এলাকায় শামীম মাঝিসহ আরও দুই জেলের নৌকাও ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। পরে আশপাশের জেলেরা তাদের উদ্ধার করেন।

ভোলা ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, এখন পর্যন্ত কোনো জেলে নিখোঁজের তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।