ঈদ যাত্রাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি রয়েছে: নৌ প্রতিমন্ত্রী

২৮ মে, ২০২৬

ঈদ যাত্রাকে সামনে রেখে নিরাপদ যাতায়াত নিশ্চিতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। বুধবার বিকেলে বরিশাল নৌ বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ পাইনি। এখন আমাদের মূল চ্যালেঞ্জ হলো- ঘরে আসা মানুষদের কর্মস্থলে নিরাপদে পৌঁছে দেওয়া। সবাই মিলে আমরা চেষ্টা করছি, মানুষের প্রত্যাশা পূরণের জন্য। কোথাও কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, সরকার নির্ধারিত ভাড়ার তালিকা রয়েছে। কোনো লঞ্চ অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে পণ্য ও যাত্রী পরিবহন সেবাকে অভিযোগমুক্ত এবং যাত্রীবান্ধব করতে কাজ চলছে। অভিযোগের মাত্রা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সংশ্লিষ্টদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সব নৌযানের নিবন্ধন বাধ্যতামূলক উল্লেখ করে তিনি বলেন, আমাদের ২৩ হাজার যানবাহন আছে সরকারি রেজিস্ট্রার্ড। আমাদের ধারণা, আড়াই থেকে ৩ লাখ নৌযান চলাচল করে। এরই মধ্যে আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি কাজও চলছে। নৌযান নীতিমালা আছে। সেই নীতিমালা অনুযায়ী যারা এই নৌযান পরিচালনা করতে চায় তাকে সরকারের নীতিমালার মধ্যে আসতে হবে রেজিস্ট্রেশনের মধ্যে থাকতে হবে। যদি কেউ রেজিস্ট্রেশনের মধ্যে না থাকে তাকে মনিটরিং করা চ্যালেঞ্জের বিষয়। বিষয়টির কর্মপরিধি অত্যাধিক বড়। যেটার কাজ আমরা অনেকখানি শুরু করেছি। সহজ কথা হলো- প্রত্যেকটি নৌযানের রেজিস্ট্রেশন থাকতে হবে।
পরিদর্শনের সময় বরিশাল নৌ বন্দরের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।