২৮ মে, ২০২৬
বাংলাদেশের প্রাণিসম্পদ ও জীববৈচিত্র্যের ইতিহাসে যুক্ত হলো এক ব্যতিক্রমধর্মী ঘটনা। দেশীয় গণমাধ্যমসহ আন্তর্জাতিক মিডিয়ায় বারবার শিরোনাম হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ খ্যাত সেই আলবানও প্রজাতির বিরল প্রাণীটিকে অবশেষে আনা হয়েছে মিরপুর চিড়িয়াখানায়।
বিশেষজ্ঞদের মতে, প্রতি ১০ হাজার মহিষের মধ্যে মাত্র একটি এ ধরনের বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেয়। ফলে গোলাপি বর্ণের এই মহিষকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। একই সঙ্গে গবেষণা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও এটিকে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে দেখা হচ্ছে।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি তুলে ধরেন।
পোস্টে তিনি জানান, মহিষটির শরীরে ‘মেলানিন’ নামক রঞ্জক পদার্থের স্বল্পতার কারণে এমন গোলাপি বর্ণের বৈশিষ্ট্য দেখা গেছে। পৃথিবীব্যাপী এ ধরনের প্রাণী অত্যন্ত বিরল।
প্রতিমন্ত্রী বলেন, প্রাণীটিকে নিরাপদভাবে সংরক্ষণ ও সঠিক পরিচর্যার জন্য মিরপুর জাতীয় চিড়িয়াখানায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মহিষটির জন্য বড় শেড প্রস্তুত করা হয়েছে এবং সার্বক্ষণিক চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
তিনি জানান, বিষয়টি প্রধানমন্ত্রীর কাছেও অবহিত করা হয়েছে। প্রধানমন্ত্রী এ ধরনের বিরল প্রাণী সংরক্ষণের উদ্যোগকে গুরুত্ব-সহকারে দেখার নির্দেশনা দিয়েছেন এবং দেশের জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।
এছাড়া মহিষটির ক্রেতা মনিরুজ্জামানকে তার পশুর ন্যায্য মূল্য পরিশোধ করা হয়েছে। পাশাপাশি কোরবানির জন্য বিকল্প গরুরও ব্যবস্থা করা হয়েছে, যাতে তিনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন।
ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ উন্নয়নের পাশাপাশি পরিবেশ, প্রাণিসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও সমান গুরুত্ব দিচ্ছে। তার ভাষ্য, বিরল এই অ্যালবিনো মহিষ শুধু দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুই হবে না, ভবিষ্যৎ গবেষণা ও সংরক্ষণ কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মানুষ, প্রকৃতি ও প্রাণিসম্পদের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।