২৮ মে, ২০২৬
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সিনিয়র (পুরুষ) দলের প্রধান কোচ নিয়োগ নিয়ে চলছে নানা নাটকীয়তা। যদিও শেষ পর্যন্ত লক্ষ্মীরতন শুক্লাকেই বেঙ্গলের প্রধান কোচ হিসেবে পুনর্বহাল করার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে পেস বোলিং কোচ পদের জন্য ইন্টারভিউ দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান পেস বোলিং কোচ শন টেইটও।
শুক্লার প্রথম মৌসুমে (২০২২-২৩) বেঙ্গল রানার্স-আপ হয়েছিল এবং সদ্য সমাপ্ত মৌসুমে তারা সেমিফাইনাল খেলেছে। তবে বড় ম্যাচে সিদ্ধান্ত নিতে শুক্লার ব্যর্থতা নিয়ে সিএবির ভেতরে সমালোচনাও কম নয়। এদিকে সুরেন্দ্র ভাবেকে বেঙ্গলের সহকারী কোচ এবং ব্যাটিং কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তবে শন টেইটকেও বেঙ্গলে নিয়ে আসতে দারুণ আগ্রহী সিএবি। কিন্তু বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বাজেট। সিএবি’র এক অভ্যন্তরীণ সূত্রের মতে, শন টেইটের মতো হাই-প্রোফাইল আন্তর্জাতিক কোচকে পেস বোলিং পরামর্শক হিসেবে পুরো মৌসুমের জন্য পেতে হলে সিএবি’কে ২ কোটি বা তারও বেশি ভারতীয় রুপি গুনতে হবে, যা অ্যাসোসিয়েশনকে বড় ধরণের আর্থিক ভাবনায় ফেলে দিয়েছে।
এদিকে বেঙ্গলের হয়ে যে টেইট ইন্টারভিউ দিয়েছে, সে বিষয়ে জানেনা বিসিবি। কেননা আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে বিসিবির। তবে নিদিষ্ট সময়ের আগে যদি সে চলে যায়, তাহলেও খুব বেশি জোরাজুরিও হয়তো করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড।