২৯ মে, ২০২৬
ইরাকে মিসাইল হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ শ্রাবনের মরদেহ অবশেষে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ শুক্রবার (২৯ মে) সকালে সরকারি ব্যবস্থাপনায় তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।
ভোর ৫টা ১৫ মিনিটে শ্রাবনের মরদেহ বহনকারী তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সেখানে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মরদেহটি গ্রহণ করেন। এ সময় নিহতের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রতিমন্ত্রী।
নিহত মোহাম্মদ শ্রাবন মুন্সিগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের মোহাম্মদ নলি মিয়ার সন্তান। জীবিকার সন্ধানে ১০ বছর আগে তিনি ইরাকের বাগদাদে পাড়ি জমিয়েছিলেন।
সম্প্রতি বাগদাদে এক মিসাইল হামলায় তিনি প্রাণ হারান।
বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে সরকারি প্রক্রিয়ায় তার মরদেহ দেশে আনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৭ মে সকাল ১০টা ২৫ মিনিটে বাগদাদ বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি রওনা হয়।
২৯ ঘণ্টার ট্রানজিট শেষে ২৯ মে ভোর ৫টা ১৫ মিনিটে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটযোগে মরদেহটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে প্রবাসী শ্রাবনের মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সরকারের পক্ষ থেকে দাফন-কাফনের খরচ বাবদ ৩৫ হাজার টাকার একটি আর্থিক অনুদানের চেক নিহতের স্বজনদের হাতে তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।