কোরবানির পশুর চামড়া রাখা নিয়ে সংঘর্ষ, আহত ১০

২৯ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কোরবানির পশুর চামড়া রাখা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

উপজেলার দুর্গাপুর গ্রামে বাঘারবাড়ি গোষ্ঠী ও শরিয়তউল্লাহর গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর গ্রামে বাঘারবাড়ির মন মিয়ার দোকানের সামনে পশুর চামড়া রাখে শরিয়ত উল্লাহ গোষ্ঠীর কামাল ও জয়নাল। এ সময় দোকানের সামনে পশু চামড়ার রক্ত ছড়িয়ে পড়লে বাঘারবাড়ি গোষ্ঠীর আক্তার মিয়া প্রতিবাদ করেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এর জের ধরে রাতে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।