২৯ মে, ২০২৬
লেবাননে নতুন করে চালানো ইসরায়েলের হামলায় অন্তত ১৯ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। দক্ষিণ লেবাননে হামলা জোরদারের পাশাপাশি অঞ্চলজুড়ে ব্যাপকভাবে লোকজনকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল।
বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় এক নারী ও দুই শিশু নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা নির্ভুলভাবে ওই এলাকায় হামলা চালিয়েছে, তবে লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানায়নি। গত তিন সপ্তাহের মধ্যে বৈরুতে এটি প্রথম হামলা।
এ দিন সকালে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, দক্ষিণ লেবাননের আদলুন মহাসড়কে ভোরে পালিয়ে যাওয়ার সময় একই পরিবারের ছয় সদস্য ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন। সিডন ও টাইর শহরকে সংযুক্তকারী এই সড়কটি দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত।
ইসরায়েল দক্ষিণাঞ্চলে আবাসিক এলাকা, সড়ক এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা আরও বিস্তৃত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, নাবাতিয়াহ এলাকায় ইসরায়েলি হামলায় তাদের এক সেনাসদস্য নিহত হয়েছেন। সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ লেবানন ও পশ্চিম বেকা উপত্যকায় একাধিক হামলায় আরও কয়েকজন সেনা নিহত হয়েছেন।
অন্যদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ অঞ্চলে, বিশেষ করে টাইর ও আশপাশের এলাকায়, ব্যাপক উচ্ছেদ নির্দেশ জারি করেছে। বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে জাহরানি নদীর উত্তরে চলে যেতে বলা হয়েছে, যা ইসরায়েল-লেবানন সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে।
সামাজিক যোগাযোগমাধ্যমে চিহ্নিত ভবনের ছবি দিয়ে প্রচার করা এই নির্দেশের ফলে হাজার হাজার মানুষ হামলার আশঙ্কায় এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন।