গতির কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা, আহত ৩

২৯ মে, ২০২৬

 

কুষ্টিয়ার কুমারখালীতে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইলাইনারে ধাক্কা দিলে এসএসসি পরীক্ষার্থী তিন বন্ধু গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং সড়কের দুটি আইলাইনার ভেঙে পড়ে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১১টার দিকে কুমারখালীর গড়াই নদীর ওপর নির্মিত যদুবয়রা সেতুর দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন যদুবয়রা ইউনিয়নের লালনবাজার এলাকার রবিন শেখ (১৮), ফরহাদ হোসেন (১৮) ও টুটুল হোসেন (২০)।

তারা সবাই বন্ধু এবং যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, ঈদ উপলক্ষে ঘুরতে বের হয়েছিলেন তিন বন্ধু। তারা একটি অ্যাপাচি ফোরভি মোটরসাইকেলে করে যদুবয়রা সেতু থেকে জয়বাংলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইলাইনারে সজোরে ধাক্কা দেয়।

এতে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এ পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী মো. সাইদুল জানান, মোটরসাইকেলটির গতি ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটারের মতো ছিল

মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনাটি ঘটে।

আহত ফরহাদ হোসেন বলেন, “ঈদে একটু ঘুরতে বের হয়েছিলাম। গাড়ির গতি বেশি ছিল। মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। ”

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে আইলাইনারে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে।

তিনি অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল না দেওয়ার এবং সড়কে সতর্কভাবে যান চালানোর আহ্বান জানান।