নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু

২৯ মে, ২০২৬

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৯ মে) উপজেলার হাঁড়িয়ারকুটি ইউনিয়নের কাঁশিয়াবাড়ি এলাকার যমুনেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর ডাংগীরহাট তেলীপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. অহিদ ইসলাম (১৩) এবং নুর ইসলামের ছেলে মাসুদ (১৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে গ্রামের কিছু কিশোর ও যুবক মিলে দুপুরে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নামেন।

এ সময় অহিদ ও মাসুদ গভীর পানিতে চলে যান। তারা কেউ সাঁতার জানত না বলে জানান স্থানীয়রা। দুই কিশোর পানিতে তলিয়ে যেতে দেখলে সঙ্গে থাকা অন্যরা চিৎকার দেয়। স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।