২৯ মে, ২০২৬
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতির সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার (২৯ মে) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের তাঁতিপাড়া এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমার ওপর এবং উপাচার্যের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু কোনোভাবেই স্বজনপ্রীতির সুযোগ দেওয়া হবে না।
শিক্ষকসহ সব নিয়োগে যোগ্যতা ও মেধাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এটি কোনো দাতব্য প্রতিষ্ঠান নয়। ’
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। এখানে সবচেয়ে মেধাবীরাই কাজ করবেন এবং রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ থাকবে না বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অগ্রগতি তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনের আগেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদন করা হয়েছিল। পরে সরকার গঠনের পর দ্রুত কাজ শুরু হয়। ইতোমধ্যে উপাচার্য নিয়োগ, আর্থিক বরাদ্দ এবং স্থায়ী ক্যাম্পাসের জন্য সম্ভাব্য কয়েকটি স্থান পরিদর্শনের কাজ সম্পন্ন হয়েছে।
এসময় তিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান।
মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা উন্নয়ন চাই, তবে কৃষিজমি নষ্ট করে নয়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ’
তিনি আশা প্রকাশ করে বলেন, একদিন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।