বিশ্বকাপের ১২ দিন আগে ইরানের খেলা নিয়ে নতুন করে অনিশ্চয়তা

৩০ মে, ২০২৬

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। ইরানকে গ্রুপ পর্বের সব ম্যাচ খেলতে হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। এমন পরিস্থিতিতে ইরানের বিশ্বকাপে খেলা নিয়েই সংশয় সৃষ্টি হয়েছে।

এর প্রধান কারণ, এখন পর্যন্ত ইরানের কোনো ফুটবলার বা সাপোর্ট স্টাফের ভিসার আবেদন অনুমোদন করেনি যুক্তরাষ্ট্র। পাশাপাশি বিশ্বকাপের আরেক আয়োজক দেশ কানাডার ভিসার জন্যও আবেদন করেছে ইরান।

খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শিবির আগেই মেক্সিকোতে সরিয়ে নেওয়া হয়েছে। তুরস্কে অনুশীলন ক্যাম্প শেষ করে দলটি মেক্সিকোতে যাবে এবং সেখান থেকেই যুক্তরাষ্ট্রে গিয়ে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে। তুরস্কে অবস্থানকালেই যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করা হয়েছে। তবে কোনো আবেদনই এখন পর্যন্ত অনুমোদিত হয়নি, যা নিয়ে ইরানের ফুটবল কর্তারা বেশ অসন্তুষ্ট।

ইরান জাতীয় ফুটবল দলের মুখপাত্র আবুলফজল বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে একাধিকবার প্রবেশের সুবিধাসহ ভিসা চাওয়া হয়েছে। কারণ ফুটবলাররা থাকবেন মেক্সিকোতে এবং সেখান থেকে বারবার যুক্তরাষ্ট্রে যাওয়া-আসা করতে হবে।’ 

ইরানের ফুটবল সংস্থা জানিয়েছে, তুরস্কের শিবির থেকেই বেশ কয়েকজন ফুটবলার ও সাপোর্ট স্টাফ ভিসার সাক্ষাৎকার দিয়েছেন। যারা আগে আবেদন করতে পারেননি, তারাও তুরস্ক থেকে আবেদন সম্পন্ন করেছেন।

যুক্তরাষ্ট্রের এই আচরণে ক্ষোভ প্রকাশ করে আবুলফজল আরও বলেন, ‘আমরা জানি না যুক্তরাষ্ট্র আমাদের ভিসা দেবে কিনা। তবে এটুকু বলতে পারি, আমরা বিশ্বকাপে অন্য দলগুলোর মতো সমান সুযোগ পাচ্ছি না। পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতিও নেওয়া সম্ভব হয়নি।’

ভিসা জটিলতার মধ্যেও কানাডার ভিসার আবেদন করার কারণ হিসেবে ইরানের এক ফুটবল কর্মকর্তা জানান, দল দ্বিতীয় রাউন্ডে উঠলে কানাডায় খেলার সম্ভাবনা রয়েছে। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই আগেভাগে কানাডার ভিসার আবেদন করা হয়েছে।