৩০ মে, ২০২৬
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত লাশের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পুরান বাউশিয়া এলাকায় ‘জনপ্রিয়’ রেস্টুরেন্টের বিপরীতে মহাসড়কের ঢাকাগামী লেনের বিভিন্ন স্থান থেকে লাশের অংশগুলো উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে থানার ওসি মো. শাহ কামাল আকন্দ।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ভবেরচর হাইওয়ে থানার রাত্রীকালীন টহল দল ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের বিভিন্ন স্থান থেকে অজ্ঞাত ওই নারীর হাত, পা এবং মাথার থেঁতলানো অংশ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহত নারীর বয়স ৫০ বছরের বেশি বলে ধারণা করা হচ্ছে। তবে লাশের বাকি অংশ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
ওসি মো. শাহ কামাল আকন্দ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী সড়ক দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছেন। তবে লাশের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
তিনি আরও জানান, লাশের পরিচয় শনাক্তে সহায়তার জন্য পিবিআই মুন্সীগঞ্জকে অবহিত করা হয়েছে।