৩০ মে, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ সৈয়দ আমিনা ফারহিনের ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে।
শনিবার ভোরে জেলা শহরের মৌলভীপাড়া এলাকার তিতাস টুইন টাওয়ারের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটি উপলক্ষে বিচারক সৈয়দ আমিনা ফারহিন বাসায় তালা দিয়ে নিজ বাড়িতে গিয়েছিলেন।
তার অনুপস্থিতির সুযোগে দুর্বৃত্তরা ফ্ল্যাটে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়।
তিতাস টুইন টাওয়ারের তত্ত্বাবধায়ক রতন মিয়া জানান, ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোরে তিন ব্যক্তি ভবনের পেছনের দিকের গ্রিল ভেঙে দ্বিতীয় তলায় ওঠেন। পরে তারা ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে থাকা দুটি আলমিরা ভেঙে মূল্যবান মালামাল নিয়ে যান।
এ ছাড়া ফ্ল্যাটের আরও বিভিন্ন জিনিসপত্র চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সকালে বিষয়টি নজরে এলে পুলিশকে খবর দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রাজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিচারক ছুটিতে থাকায় ফ্ল্যাটে কেউ ছিলেন না।
তার অনুপস্থিতির সুযোগে চুরির ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ফ্ল্যাটের মালিকপক্ষ ও বিচারক উপস্থিত না থাকায় চুরি হওয়া মালামালের সঠিক পরিমাণ এখনই নির্ধারণ করা সম্ভব হয়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।