মাংস দিয়ে রুটি খেতে বললেন নানি, পরে খাবে বলে বাইক নিয়ে বেরিয়ে লাশ হলেন মাহির

৩০ মে, ২০২৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাইক্রোবাস ও মোটরসাইকেল সংঘর্ষে মাহির নামের এক তরুণ নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চরহোসেনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহির (২১) নান্দাইল উপজেলার মুসল্লি এলাকায় আব্দুল কাইয়ূমের ছেলে। মা-বাবার সঙ্গে ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামের কালীবাড়ি রোডে বসবাস করতেন তিনি।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত মাহির শনিবার সকালে ঘুম থেকে উঠে মোটরসাইকেল নিয়ে বের হন। ওই সময় তার নানি সকালের নাশতা মাংস দিয়ে রুটি খেয়ে বের হওয়ার জন্য বলেন। একটু ঘুরে এসে পরে খাবেন বলে বের হয়ে যান মাহির। মোটরসাইকেল দ্রুতবেগে চালিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর সময় দুপুর ১২টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চরহোসেনপুর এলাকায় মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হওয়ায় মাহির ছিটকে গিয়ে পড়েন সড়কে।

সেখান থেকে স্থানীয়রা গুরুতর আহত মাহিরকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার এসআই ওয়াজেদ আলী জানান, মরদহে উদ্ধার করে সুরতহাল সম্পন্ন শেষে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ অবস্থায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।