দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩

৩০ মে, ২০২৬

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় আজ শনিবার ভোরে চালানো ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন নিহত এবং ১২ জনের বেশি মানুষ আহত হয়েছেন।দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে বাবা ও ছেলে রয়েছেন। তারা হলেন জুহাইর আহমদ হাশিম ও তার ছেলে আলী।

এনএনএ জানায়, শনিবার ভোরে টাইর শহরের উত্তরে আনসার এলাকার আল-মারজ মহল্লায় তাদের বাড়িতে ইসরায়েলি বিমান হামলা হলে তারা নিহত হন। এ ঘটনায় পরিবারের আরও সাত সদস্য আহত হয়েছেন।

শনিবার সকালে শারিফা-হাব্বুশ-নাবাতিয়েহ সড়কেও ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। এতে একজন বেসামরিক নাগরিক নিহত এবং আরেকজন গুরুতর আহত হন।

নাবাতিয়েহর নাবিহ বেরি সরকারি হাসপাতালের সড়কেও বিমান হামলার খবর পাওয়া গেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

এদিকে স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে আনসার শহরে আরেকটি বিমান হামলা চালানো হয়। এতে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আল-খলিল শপিং সেন্টার ধ্বংস হয়ে যায়।

এর প্রায় এক ঘণ্টা পর, সকাল ৯টা ৩০ মিনিটে, জাবাদিনি শহরেও ধারাবাহিক কয়েকটি বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা বেড়েছে। এতে সীমান্তবর্তী এলাকাগুলোতে নতুন করে উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।