নতুন প্রেসিডেন্ট নির্বাচনে রোববার ভোট দেবেন কলম্বিয়ানরা

৩০ মে, ২০২৬

২০২৬–২০৩০ মেয়াদের জন্য দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে যাচ্ছেন কলম্বিয়ানরা। রোববার (৩১ মে) দেশটিতে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।প্রথম দফায় ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা ঘিরে আছে ক্ষমতাসীন জোটের প্রার্থী ইভান সেপেদা, অ্যাবেলার্দো দে লা এসপ্রিয়েলা এবং সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবের সমর্থনপুষ্ট প্যালোমা ভ্যালেন্সিয়াগ 

সেনেটর সেপেদা বর্তমানে হিস্টোরিক প্যাক্ট জোটের প্রার্থী এবং প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর রাজনৈতিক উত্তরসূরি হিসেবে বিবেচিত। জাতীয় জনমত জরিপে তিনি এগিয়ে আছেন।

তিনি কমিউনিস্ট নেতা ম্যানুয়েল সেপেদা ভার্গাসের সন্তান, যিনি ১৯৯৪ সালে আধাসামরিক বাহিনীর হাতে নিহত হন। জীবনের এক পর্যায়ে পরিবারকে হত্যার হুমকির কারণে নির্বাসনে কাটানোর অভিজ্ঞতা থাকলেও, পরে তিনি আধুনিক ও সংস্কারমুখী সমাজতান্ত্রিক রাজনৈতিক ভাবধারা গ্রহণ করেন।

নির্বাচিত হলে সেপেদা পেত্রোর সামাজিক সংস্কার অব্যাহত রাখা, দুর্নীতি দমন, বৈষম্য কমানো, প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়ন এবং সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন।

আইনজীবী ও ব্যবসায়ী অ্যাবেলার্দো দে লা এসপ্রিয়েলা এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলের নিরাপত্তা নীতির প্রশংসা করে তা অনুসরণের কথা বলেছেন।

তার প্রধান প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ১০টি “মেগা কারাগার” নির্মাণ, পেত্রো প্রশাসনের “টোটাল পিস” নীতি বাতিল এবং মাদক পাচার ও সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর সামরিক কৌশল গ্রহণ।

“ডিফেন্ডারস অফ দ্য হোমল্যান্ড” স্লোগানে প্রচারণা চালানো এই প্রার্থীর সাবেক ক্লায়েন্টদের মধ্যে ভেনেজুয়েলার ব্যবসায়ী আলেক্স সাবও রয়েছেন, যিনি মানি লন্ডারিং ও নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পিত হন।

তিনি জনমত জরিপে দ্বিতীয় স্থানে আছেন এবং হুমকির কারণে বুলেটপ্রুফ কাঁচের আড়ালে প্রচারণা সমাবেশ করছেন।

ডেমোক্রেটিক সেন্টার দলের প্রার্থী প্যালোমা ভ্যালেন্সিয়া সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবের নেতৃত্বাধীন “উরিবিজমো” রাজনৈতিক ধারাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েছেন।

তিনি সরকারের নিরাপত্তা নীতির সমালোচক এবং প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি ও অতিরিক্ত ৬০,০০০ সেনা ও পুলিশ নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি “প্ল্যান কলম্বিয়া ২.০” বাস্তবায়নেরও প্রস্তাব করেছেন—যা অতীতের মার্কিন–কলম্বিয়া মাদকবিরোধী সহযোগিতার মডেল অনুসরণ করবে।

সাবেক অ্যান্টিওকিয়া গভর্নর সের্হিও ফাহার্দো এবং সাবেক বোগোটা মেয়র ক্লাউদিয়া লোপেজও প্রার্থী তালিকায় আছেন, তবে জনমত জরিপে তারা অনেক পিছিয়ে।

অন্য প্রার্থীদের মধ্যে সাবেক মন্ত্রী ড্যানিয়েল পালাসিওস ও মৌরিসিও লিজকানো, ব্যবসায়ী সান্তিয়াগো বোটেরো, আইনজীবী সোন্দ্রা মাকোলিনস এবং লন্ডনে সাবেক কলম্বিয়ান রাষ্ট্রদূত রয় বাররেসাস রয়েছেন—যাদের জয়ের সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে।

জনমত জরিপের চিত্র

জরিপ অনুযায়ী, সেপেদা গড়ে প্রায় ৩৭.৮ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছেন।

তার পরে আছেন দে লা এসপ্রিয়েলা (২৮.১ শতাংশ) এবং ভ্যালেন্সিয়া (১৮.৬ শতাংশ)।

অন্য প্রার্থী ও অনির্ধারিত ভোটার মিলিয়ে রয়েছে প্রায় ১৫.৫ শতাংশ।