নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করতে হবে: সেলিমুজ্জামান সেলিম

৩১ মে, ২০২৬

ভেদাভেদ ভুলে গিয়ে নেতাকর্মীদের জনগণের কল্যাণে এক হয়ে রাজনীতি করার নির্দেশ দিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

তিনি বলেন, কোনো ধরনের হিংসা-বিদ্বেষ, সংঘাত বা মারামারির ঘটনা যাতে না ঘটে, সেদিকে নেতাকর্মীদের সর্বদা সতর্ক থাকতে হবে। কোথাও কোনো ভুল বোঝাবুঝি বা বিরোধের সৃষ্টি হলে তা দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। আমরা বিভেদ নয়, সম্প্রীতি চাই। সমাজের সকল মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে হবে।

শনিবার (৩০ মে) বিকালে কাশিয়ানী উপজেলার মাঝিগাতি গ্রামে নিজ বাড়িতে আগত নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, জনগণের সেবক হিসেবে দীর্ঘমেয়াদে মানুষের কল্যাণে কাজ করতে চাই। সমাজের সব ধর্ম, বর্ণ ও শ্রেণি পেশার মানুষ যেন শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে হবে।এলাকার উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা রক্ষা ও সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সামসুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রোমানসহ মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।