৩১ মে, ২০২৬
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন কর্মী বেঁচে থাকা পর্যন্ত আওয়ামী লীগকে আর এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না।
শনিবার রাঙ্গুনিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্যে হুমাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়াবাসীর পক্ষ থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘এটি একটি ঐতিহাসিক দিন। গত ৪৫ বছর ধরে আমরা নিয়মিত এই মাজারে আসছি। আমাদের যেকোনো জাতীয় কর্মসূচি ঢাকায় অনুষ্ঠিত হলেও এখানকার দোয়া মাহফিলের মাধ্যমে তা শুরু করা হয়।’
বিগত সরকারের আমলে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, ‘কয়েক বছর আগেও যখন আমরা এখানে দোয়া করতে ও ফুল দিতে আসতাম, তখন বিভিন্ন বাধার সম্মুখীন হতে হতো। অনেক সময় রাতের আঁধারে কিংবা ফজরের সময় এখানে আসতে হয়েছে। সবসময় হামলার আশঙ্কা ছিল।’
হুমাম কাদের চৌধুরী আরও বলেন, ‘যারা আমাদের ওপর হামলা করেছিল, তাদের বিচার নিশ্চিত করা হবে।’
পরে শহীদ জিয়াউর রহমানের সমাধির সামনে দাঁড়িয়ে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।