৩১ মে, ২০২৬
পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেক নগরবাসী। যারা কর্মব্যস্ততা কিংবা ঢাকায় কোরবানির দায়িত্ব পালনের কারণে আগে যেতে পারেননি, তারাই এখন ব্যাগ-লাগেজ নিয়ে গ্রামের বাড়ির দিকে ছুটছেন।
শনিবার সন্ধ্যায় রাজধানীর গাবতলী ও কল্যাণপুর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, এখনো বাড়ি ফিরছেন মানুষ। বিশেষ করে উত্তর ও দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
মো. হোসেন নামে এক বেসরকারি চাকরিজীবী জানান, ঢাকায় কোরবানি দিয়েছেন, সেই কারণে ঈদের আগে বাড়ি যাওয়া সম্ভব হয়নি। এখন মাংস বণ্টন ও আনুসঙ্গিক কাজ শেষ করে পরিবারের সঙ্গে বাকি ছুটিটুকু মা-বাবার সান্নিধ্যে কাটাতে গ্রামে যাচ্ছেন।
অনেক চাকরিজীবী আবার সরকারি ছুটির সঙ্গে বাড়তি ছুটি যুক্ত করতে পারায় আগামী সপ্তাহটি পুরোপুরি গ্রামে কাটানোর পরিকল্পনা নিয়েছেন।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সিংহভাগ মানুষই ঈদের আগে বাড়ি চলে গেছেন। তাই যাত্রীদের চাপ এখন তেমন একটা নেই।
একটি যাত্রীবাহী বাসের কাউন্টার মাস্টার হামিদ জানান, আজ মোটামুটি যাত্রী থাকলেও আগামীকাল থেকে চিত্র বদলে যাবে। কাল থেকে মূলত ঢাকা অভিমুখে ফেরার চাপ শুরু হবে, তাই ফিরতি যাত্রার প্রস্তুতি নিচ্ছে পরিবহনগুলো।
তবে অভিযোগ উঠেছে যে, এখনো কোনো কোনো পরিবহন সংস্থা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এ সত্ত্বেও প্রিয়জনের সঙ্গে ঈদ পরবর্তী সময় কাটাতে হাসিমুখে বাসের জন্য অপেক্ষা করছেন সাধারণ মানুষ।