৩১ মে, ২০২৬
ঈদ-পরবর্তী যাত্রীসেবা নির্বিঘ্ন রাখতে সাতক্ষীরার বিভিন্ন দূরপাল্লার পরিবহন কাউন্টারে মনিটরিং ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
শনিবার (৩০ মে) রাতে শহরের সঙ্গীতা মোড় এলাকায় ট্রাফিক পুলিশ ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের যৌথ উদ্যোগে ঢাকাগামী বিভিন্ন পরিবহনের কাউন্টার পরিদর্শন করা হয়। এ সময় সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি যাত্রীদের সচেতন করা হয়।
পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দেন বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক প্রকৌশলী মো. জিয়াউর রহমান। তিনি পরিবহন সংশ্লিষ্টদের সরকার নির্ধারিত ভাড়া আদায়, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার নির্দেশনা দেন।
এ সময় ট্রাফিক পুলিশের পরিদর্শক জামান, পরিবহন ম্যানেজার সমিতির সভাপতি মুকুলসহ পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিআরটিএ সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।