৩১ মে, ২০২৬
বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে সবচেয়ে বেশি আলোচনা ছিল নেইমারকে ঘিরে। চোট, ফিটনেস সংকট এবং চূড়ান্ত দলে তাঁর জায়গা নিয়ে নানা প্রশ্ন উঠলেও শেষ পর্যন্ত সব অনিশ্চয়তার অবসান ঘটিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সেলেসাওদের সবচেয়ে মর্যাদাপূর্ণ ১০ নম্বর জার্সি আবারও তুলে দেওয়া হয়েছে নেইমারের হাতেই, যা প্রমাণ করে দলের পরিকল্পনায় এখনও গুরুত্বপূর্ণ জায়গা ধরে রেখেছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।
বিশ্বকাপের জন্য ব্রাজিলের খেলোয়াড়দের জার্সি নম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সিবিএফ। আর সেই ঘোষণার মধ্য দিয়েই শেষ হয়েছে নেইমারকে ঘিরে চলা দীর্ঘদিনের সব জল্পনা-কল্পনা। চোটের কারণে অনিশ্চয়তার মধ্যে থাকলেও ব্রাজিলের আইকনিক ১০ নম্বর জার্সিটি শেষ পর্যন্ত পেয়েছেন তিনিই।
বর্তমানে পায়ের কাফ মাংসপেশির গ্রেড-২ চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন নেইমার। এজন্য বিশ্বকাপের শুরুতে তাঁর খেলা নিয়ে এখনও কিছুটা সংশয় রয়েছে। তবে সিবিএফের এই সিদ্ধান্ত স্পষ্ট করে দিয়েছে যে কোচ কার্লো আনচেলোত্তি এবং তাঁর টেকনিক্যাল স্টাফদের পরিকল্পনায় নেইমার এখনও গুরুত্বপূর্ণ অংশ।
গত কয়েক মাস ধরে ব্রাজিল দলে অভিজ্ঞতা ও তারুণ্যের ভারসাম্য নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। এমনকি একপর্যায়ে গুঞ্জন উঠেছিল, চোটের কারণে নেইমার হয়তো চূড়ান্ত দলেই জায়গা নাও পেতে পারেন। কিন্তু সব জল্পনাকে পেছনে ফেলে ৩৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড শুধু স্কোয়াডেই জায়গা ধরে রাখেননি, পেয়েছেন দলের সবচেয়ে ঐতিহ্যবাহী জার্সি নম্বরও।
বিশ্বকাপে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন পূরণে নেইমারকে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবেই দেখছে কোচিং স্টাফ। তবে নিজেকে পুরোপুরি ফিট প্রমাণ করার জন্য আগামী দুই সপ্তাহ তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ইতোমধ্যে তিনি হালকা অনুশীলন শুরু করেছেন, যা তাঁর দ্রুত মাঠে ফেরার আশাকে আরও জোরালো করেছে।
এদিকে ব্রাজিল দলের অন্যান্য গুরুত্বপূর্ণ জার্সি নম্বরও নিশ্চিত করা হয়েছে। রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র খেলবেন ৭ নম্বর জার্সিতে। অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোর গায়ে থাকবে ৫ নম্বর জার্সি।
গোলরক্ষক বিভাগেও কোনো চমক নেই। দলের প্রথম পছন্দের গোলকিপার হিসেবে ১ নম্বর জার্সি পেয়েছেন এলিসন বেকার। ওয়েভারতন খেলবেন ১২ নম্বর জার্সিতে এবং এদেরসনের জন্য নির্ধারণ করা হয়েছে ২৩ নম্বর জার্সি।
সিবিএফ জানিয়েছে, বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতেই এই জার্সি পরে মাঠে নামবে ব্রাজিল। আগামী রোববার পানামার বিপক্ষে এবং পরের সপ্তাহে মিশরের বিপক্ষে খেলবে সেলেসাওরা। নেইমার পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় মিশরের বিপক্ষের ম্যাচটি মিস করতে পারেন। তবে দলে তাঁর উপস্থিতিই সতীর্থদের আত্মবিশ্বাস বাড়াতে বড় ভূমিকা রাখছে।