৩১ মে, ২০২৬
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের গভীর শুকনো খাদে উল্টে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া বাজারসংলগ্ন একটি সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস ঝাটুরদিয়া বাজারের পাশের সেতু পার হওয়ার পরপরই নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে বাসটি মহাসড়কের বাম পাশে ছিটকে পড়ে খাদে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শারমিন আক্তার সুইটি জানান, দুর্ঘটনায় আহত ২৩ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে চারজনকে ভর্তি করা হয়েছে।
বাকি ১৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় নেয়ার প্রস্তুতি চলছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।