ফটিকছড়িতে পৃথক দুর্ঘটনায় একদিনে শিশুসহ ৫ জনের মৃত্যু

৩১ মে, ২০২৬

 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পৃথক তিনটি দুর্ঘটনায় একদিনে এক শিশু ও খামার মালিকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) দিনব্যাপী উপজেলার বাগানবাজার, পাইন্দং ও হারুয়ালছড়ি ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। ঘটনার পর পুলিশ অভিযুক্ত বড় ভাইকে আটক করেছে।

শনিবার দুপুর ১টার দিকে বাগানবাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তর উদয় পাথর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়নাল (৩৫) ওই এলাকার ইলিয়াস কোম্পানির ছেলে।  

বিকেল সাড়ে ৫টার দিকে পাইন্দং ইউনিয়নের ডলু নয়াবাজার আর্মি ক্যাম্প-সংলগ্ন একটি মাছের প্রজেক্টে পানিতে ডুবে এক শিশু ও প্রজেক্ট মালিকের মৃত্যু হয়েছে। জানা যায়, ওই মাছের প্রজেক্টের পানিতে তিন শিশু পড়ে গেলে খামার মালিক মফিজুর রহমান দ্রুত উদ্ধার করতে নামেন।

তিনি দুই শিশুকে জীবিত উদ্ধার করতে পারলেও মুনতাহিনা নামের তিন বছর বয়সী এক শিশু নিখোঁজ থাকে। তাকে পুনরায় খুঁজতে গিয়ে মফিজুর নিজেও পানির নিচে তলিয়ে যান। পরে স্থানীয়রা মফিজুর রহমানকে মৃত অবস্থায় উদ্ধার করেন এবং দীর্ঘ তিন ঘণ্টা খোঁজাখুঁজির পর শিশু মুনতাহিনার মরদেহ উদ্ধার করা হয়। মৃত মুনতাহিনা ফটিকছড়ি পৌরসভার ৯নং ওয়ার্ডের কেএম টেক এলাকার আজাদের মেয়ে।

রাত ৮টার দিকে হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখীল বন্যপ্রাণী অভয়ারণ্যে মোটরসাইকেল নিয়ে বেড়াতে যান দুই যুবক। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- ফটিকছড়ির আব্দুল্লাহপুর ইউনিয়নের জয় মল্লিক (১৮) এবং রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের সীমান্ত দাশ (২০)।