৩১ মে, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রবিবার (৩১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের চর মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন আবু তাহের (৫৫), তার ছেলে কিবরিয়া (২২), তোফাজ্জল (৬০), কাজল (২৬) ও সনিয়া (২৩)। তারা সবাই চর মাধবপুর গ্রামের বাসিন্দা।
আহতদের উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর মাধবপুর গ্রামের আবু তাহের মিয়ার গোষ্ঠী এবং ইদন মিয়ার গোষ্ঠীর মধ্যে ১০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্ব শত্রুতাও ছিল।
এরই ধারাবাহিকতায় রবিবার বিকেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে নারীসহ অন্তত ১৫ জন আহত হন।
খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।