মায়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫

০১ জুন, ২০২৬

মায়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলের কাওং তাত গ্রামে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন নারী ও ৩০ জন পুরুষ রয়েছেন।

এ ঘটনা আহত হয়েছেন আরও অনেকে।  বিস্ফোরণটি চীন সীমান্তের খুব কাছে ঘটেছে বলে জানা গেছে বিবিসির এক প্রতিবেদনে।

গতকাল রবিবার (৩১ মে) স্থানীয় সময় ১২টার দিকে শান রাজ্যের নামখান টাউনশিপের ওই বিস্ফোরণের কিছুক্ষণ পরেই গ্রামের উপর ধোঁয়া উড়তে দেখা যায়।

বিদ্রোহী গোষ্ঠী তা'আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানিয়েছে, খনির কাজে ব্যবহারের জন্য মজুত রাখা উপকরণের আকস্মিক বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে।

চীন সীমান্তসংলগ্ন গ্রামটি বর্তমানে টিএনএলএ-র নিয়ন্ত্রণে রয়েছে।

টিএনএলএ মায়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করা অন্যতম শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠী। ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, মায়ানমারের অনেক বিদ্রোহী গোষ্ঠী খনিজ সম্পদ উত্তোলন থেকে অর্থ সংগ্রহ করে। তবে নিরাপত্তার ঘাটতির কারণে খনিতে ধস ও বিস্ফোরণের মতো দুর্ঘটনা প্রায়ই ঘটে।