০১ জুন, ২০২৬
হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও হানিফ পরিবহনের মালিক এবং বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৫টায় ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন তিনি।
মৃত্যুকালে কফিল উদ্দিন স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহমেদ, কার্যকরী সভাপতি এম এ বাতেন এবং মহাসচিব মো. সাইফুল আলম।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদের পাঠানো শোকবার্তায় তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাকে জান্নাত নসিব করার প্রার্থনা করেছেন।