কক্সবাজারে সমুদ্রে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

০১ জুন, ২০২৬

কক্সবাজার সমুদ্রসৈকতের সি-গাল পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মোহাম্মদ আবিরের (১৮) মরদেহ উদ্ধার করেছে লাইফগার্ড ও বিচকর্মীরা।

সোমবার (১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজারের নাজিরারটেক উপকূল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রবিবার বেলা সাড়ে ১২টার দিকে বন্ধুদের সঙ্গে সমুদ্রে গোসলে নেমে তিনি নিখোঁজ হন।

মৃত আবির পুরান ঢাকার শহীদনগর এলাকার বাসিন্দা এবং ইলিয়াস মুন্সীর ছেলে।

তিনি ঢাকার আরও আট বন্ধুর সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন। রোববার সকাল ৭টায় তারা কক্সবাজারে পৌঁছে একটি গেস্ট হাউসে ওঠেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে সি-গাল পয়েন্টে সমুদ্রে গোসল করতে নামেন।

আবিরের সন্ধান পাওয়া এক স্বজন জানান, নিখোঁজ হওয়ার খবর পেয়ে তিনি দ্রুত সৈকতে ছুটে যান এবং সারারাত খোঁজাখুঁজি চালান।

সোমবার ভোরে কয়েকজনকে সঙ্গে নিয়ে নাজিরারটেক উপকূলের দিকে অনুসন্ধানে বের হলে সকাল ৫টা ২৮ মিনিটের দিকে সমুদ্রে ভাসমান অবস্থায় আবিরকে দেখতে পান। পরে তাকে তীরে তুলে রেখে লাইফগার্ড ও সংশ্লিষ্ট প্রশাসনকে খবর দেওয়া হয়।

সি সেফ লাইফগার্ড সংস্থার সুপারভাইজার মো. ওসমান গনি জানান, রবিবার সমুদ্রসৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় দুই পর্যটক গোসল করতে নামেন। এ সময় লাইফগার্ড সদস্যরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও আবির নিখোঁজ হন।

খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হয় এবং রাত প্রায় ৮টা পর্যন্ত ব্যাপক অনুসন্ধান চালানো হলেও তার কোনো সন্ধান মেলেনি।

তিনি আরও জানান, নিখোঁজ পর্যটকের স্বজনদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছিল। সোমবার সকালে নাজিরারটেক উপকূলে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্বজনরা লাইফগার্ড সদস্যদের খবর দেন। পরে বিষয়টি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। উদ্ধার হওয়া মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলম জানান, মরদেহটি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।