আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

০১ জুন, ২০২৬

ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান আলজেরিয়ার হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন। চোট কাটিয়ে উঠেও তাঁকে ২৬ সদস্যের চূড়ান্ত দলে রেখেছেন কোচ ভ্লাদিমির পেতকোভিচ। এবারের বিশ্বকাপে ‘জে’ গ্রুপে পড়া আলজেরিয়া আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডানের সঙ্গে লড়বে।

অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে দল সাজিয়েছেন কোচ পেতকোভিচ। অধিনায়ক রিয়াদ মাহরেজ, সবচেয়ে বেশি ম্যাচ খেলা ডিফেন্ডার এইসা মান্দি এবং মিডফিল্ডার নাবিল বেনতালেবকে রাখা হয়েছে। চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর বেনতালেব ফিরেছেন বিশ্বকাপ দলে।

গোলরক্ষক হিসেবে লুকা জিদানের পাশাপাশি আছেন উসামা বেনবত ও মেলভিন মাস্তিল। গত এপ্রিলে স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে খেলতে গিয়ে থুতনি ও চোয়ালে গুরুতর চোট পেয়েছিলেন লুকা। এরপরও তাঁর ওপর আস্থা রেখেছেন কোচ। গত অক্টোবরে আলজেরিয়ার জার্সিতে অভিষেকের পর এখন পর্যন্ত ছয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।

আক্রমণভাগেও স্বস্তির খবর। চোট কাটিয়ে ফিরেছেন হুসেম আওয়ার ও আমিন গুইরি। আফ্রিকা কাপ অব নেশনস মিস করা এই দুই খেলোয়াড়ের প্রত্যাবর্তন দলকে বাড়তি শক্তি দেবে বলে আশা করা হচ্ছে।

২০১৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের মূল পর্বে খেলতে যাচ্ছে আলজেরিয়া। সেবার জার্মানির কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল তারা। এবার নতুন করে স্বপ্ন দেখছে উত্তর আফ্রিকার এই দেশটি।

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আলজেরিয়া। ৩ জুন নেদারল্যান্ডস এবং ১০ জুন বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ১৭ জুন কানসাস সিটিতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে দলটি।