সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবকের মৃত্যু

০১ জুন, ২০২৬

নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় জীবন রহমান, সাইফুল ইসলাম ও হিরা ইসলাম নামে মোটরসাইকেল আরোহী তিন যুবকের মৃত্যু হয়েছে।  

নিহতরা হলেন—নাটোর সদর উপজেলার ইসলাবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে হিরা ইসলাম, লালপুর উপজেলার সাজেদুর রহমানের ছেলে জীবন রহমান ও শহরের উত্তর আলাইপুর মহল্লার তৈয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম। আজ সোমবার সকালে সিংড়ার নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, সকালে নাটোর থেকে মোটসাইকেলে করে তিনজন যুবক সিংড়ার দিকে যাচ্ছিল।

পথে সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রীজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আম বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জীবন রহমান ও হিরা ইসলামের মৃত্যু হয়।  

এ সময় আহত হয় আরও একজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে এবং নাটোর ফায়ার সার্ভিসের সদস্যরা আহত যুবককে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

পরে উন্নত চিকিৎসার জন্য আহত সাইফুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়