মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

০১ জুন, ২০২৬

EN

 

 

 

মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

 মুন্সীগঞ্জ প্রতিনিধি

 অনলাইন ভার্সন

 প্রকাশ: ২০:৩৭, সোমবার, ০১ জুন, ২০২৬

মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

 

google_news

 

 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বলাকী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) দুপুরে সংঘটিত এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় স্থানীয় বিএনপির কার্যালয়সহ কয়েকটি বসতঘরে ভাঙচুর চালানো হয়।

আহতরা হলেন—মুসা (৭০), সুমন (৩৫) ও জিকু (২৮)।

গুরুতর আহত সুমন ও জিকুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থক মুসা এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থক শহর আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে ঈদগাহ এলাকায় তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এর কিছু সময় পরই দুই পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ চলাকালে হোসেন্দী ইউনিয়ন বিএনপির ৮ ও ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়সহ অন্তত পাঁচটি বসতঘরে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

আহত মুসা অভিযোগ করে বলেন, পূর্বের বিরোধের জেরে শহর আলীর সঙ্গে তার কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। তিনি দাবি করেন, শহর আলী নিজেকে বিএনপি সমর্থক দাবি করলেও মূলত স্থানীয় এক যুবলীগ নেতার অনুসারী।

এ বিষয়ে যুবদল নেতা আনোয়ার হোসেন অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে এবং দলীয় কার্যালয়সহ বসতঘর ভাঙচুর করা হয়েছে।

অন্যদিকে, যুবলীগ নেতা নাজমুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এটি দলীয় কোনো বিষয় নয়, বরং ব্যক্তিগত বিরোধের জেরেই ঘটনা ঘটেছে। তার দাবি, হামলা ও ভাঙচুরের অভিযোগ ভিত্তিহীন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে কয়েকজনকে দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নিতে দেখা গেছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, “এ ঘটনায় পূর্বের গোষ্ঠীগত বিরোধ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ”

উল্লেখ্য, এর আগেও একই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যেখানে বহু মানুষ আহত এবং ঘরবাড়ি ভাঙচুর হয়েছিল।