আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসা সেবার স্বাভাবিক কার্যক্রম চলমান

০২ জুন, ২০২৬

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে। আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (এইচ আর এন্ড কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মে ২০২৬ তারিখে আদ্-দ্বীন হাসপাতালে ৬ জন নবজাতক শিশুর অনাকাংখিত ও অপ্রত্যাশিত মৃত্যুর কারণে হাসপাতালের সেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও বর্তমানে চিকিৎসাসেবা কার্যক্রম সম্পূর্ণ ভাবে ২৪ ঘন্টা স্বাভাবিক প্রক্রিয়ায় চলমান রয়েছে। বহির্বিভাগ, অন্তঃবিভাগ, ইমার্জেন্সি ও প্রয়োজনীয় সবধরনের সেবা কার্যক্রম চালু রয়েছে। গত ২৪ ঘন্টায় বহির্বিভাগে ১০৩৯ জন রোগী সেবা গ্রহণ করেছে। এছাড়া ৭১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এখানে মোট ২৫ জন রোগীর ডেলিভারি সম্পন্ন হয়েছে। স্বাভাবিক সময়ে এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন প্রায় ২ হাজার রোগী সেবা গ্রহণ করেন। এর মধ্যে ২০০ জন গর্ভবর্তী মা চিকিৎসা সেবা নিয়ে থাকেন। এখানে প্রতিদিন গড়ে ৬০-৮০ টি ডেলিভারি সম্পন্ন হয়ে থাকে।

আদ্-দ্বীন হাসপাতাল ১৯৯৭ সাল থেকে সবার সাধ্যের মধ্যে মানসম্মত চিকিৎসাসেবা প্রদান করে আসছে। দক্ষ চিকিৎসক এবং মানসম্মত সেবার কারণে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় আস্থা অর্জন করেছে আদ্-দ্বীন হাসপাতাল। সরকারি প্রচেষ্টার পাশাপাশি দেশের অনগ্রসর জনগোষ্ঠীর স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় ভূমিকা রেখে চলেছে এ প্রতিষ্ঠানটি। বর্তমানে ঢাকা, খুলনা, যশোর, কুষ্টিয়ায় মোট ৫ টি মেডিকেল কলেজ ও ৯ টি হাসপাতালের মাধ্যমে দেশের মানুষের চিকিৎসা সেবা কার্যক্রম অব্যহত রেখেছে। কম খরচ ও মানসম্মত স্বাস্থ্যসেবার নিশ্চয়তা থাকায় অনেক রোগী এখানে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এই হাসপাতালের আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ ও ডায়ালাইসিসে ইনফেকশন প্রিভেনশনের জন্য যে পদ্ধতিগুলো অনুসরণ করা হয় তা আন্তর্জাতিক মানের।

আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন বলেন, আদ্-দ্বীন হাসপাতাল একটি অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান। আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল মগবাজার ঢাকায় ৭০০ বেডের মধ্যে ৩০০ টি বেড বিনামূল্যের। এখানে রোগীদের থাকা-খাওয়া সবকিছুই বিনামূল্যে। সরকারের সকল ধরনের রেগুলেটারি নীতিমালা মেনেই হাসপাতাল পরিচালিত হয়।

গরিব ও অসহায় রোগীদের সেবায় নামমাত্র মূল্যে সারা বছরই বিভিন্ন সেবা চালু থাকেন আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে। স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবার পাশাপাশি আদ্-দ্বীন হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবাতেও নজর কেড়েছে সবার। মাত্র ৩৮০ টাকায় রাজধানী ঢাকায় মিলছে এ অ্যাম্বুলেন্স সেবা।

উল্লেখ্য যে, এ ধরনের মর্মান্তিক ও দুঃখজনক দূর্ঘটনা কেন ঘটল সে বিষয়ে সরকারের সংশ্লিট বিভাগকে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সার্বিকভাবে সহযোগিতা করছেন। সরকার ও আদ্-দ্বীন হাসপাতালের পক্ষ থেকে পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।